মাঠের মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়েছেন স্কাউট সদস্যরা। আফ্রিকান জুলু সম্প্রদায়ের আদলে গড়া দল ও তাদের জুলু নৃত্য, দেশের গানে দলীয় নৃত্য পরিবেশন, কারো একক আবার দলগত সংগীত, একেক দল অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন মাদকের ভয়াবহতা,ধর্মীয় সম্প্রীতি, স্কাউটের প্রয়োজনীয়তা, প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। এমন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ষষ্ঠ স্কাউট সমাবেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু হয় এবং দলগত সংগীতের মাধ্যমে মহা তাঁবু জলসার সমাপ্তি হয়।


সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো.আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, ওসি আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, রাজশাহী অঞ্চল স্কাউটের সহ সভাপতি সঞ্জিব সরকার, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক (এএলটি) গোলাম মহিউদ্দিন,প্রোগাম চিফ নুরে আলোম মীর,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা কাব লিডার গোলাম মোস্তফা ভুলু, ট্রেইনার সোহেল রানা, শরিফা খাতুন উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, মানবতার সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে স্কাউট সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারী স্কাউট দল, রোভার স্কাউট ও লিডাররা এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ গড়ার কাজে লাগাবে।


এসময় ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক খবির উদ্দিন, প্রধান শিক্ষক শের আলোম, রাজনীতিবীদ মনিরুজ্গুজামান হেনা, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু,শহীদ মবিদুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী,শাহিদা-কাশেম পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেগার সুলতানা রোখাসহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ৩০ জন ইউনিট লিডার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-শিক্ষার্থীদের দেশপ্রেম, সত্যবাদিতা, আত্ম-নির্ভশীলতা. শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তি ও সামাজিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ১০ অক্টোবর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো তাদের নিজস্ব পরিবেশনা দিয়ে সমাবেশস্থল মাতিয়ে রাখে ।