নাটোরের গুরুদাসপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মুক্তা নির্বাচনী গণসংযোগ করেছেন। তিনি নাটোর জেলা কৃষকদলের সদস্য ও একই দলের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকার গণসংযোগকালে প্রার্থী মুক্তা স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। সমাধানে মুক্তা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আগামী নির্বাচনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। যুবকদের মাদক থেকে দুরে রাখতে তাদের জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।
মোস্তাফিজুর রহমান মুক্তা বলেন, নাজিরপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। শ্যামপুর বাজার এলাকার নন্দকুজা নদীতে স্থানীয় সংসদ সদস্যের প্রতিশ্রুতির ব্রীজ নির্মান কাজ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
তিনি আরো বলেন,আওয়ামী দুঃশাষনের ১৭ বছরে তিনি ১৩ মামলায় ৯ বার জেলে গেছেন। হামলার শিকার হয়েছেন,বাড়িতে ঘুমাতে পারেননি। গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ত্যাগের মুল্যায়নে এবারও তিনিই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, প্রার্থীদের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় নির্বাচনী পরিবেশকে আরও প্রণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।
উল্লেখ্য-সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোড-ম্যাপ ঘোষনার পর প্রার্থীদের জনসংযোগ বৃদ্ধি পেয়েছে। 
মন্তব্য করুন