অবশেষে অসহায় জয়গুন নেছার হার্টের দুটি ব্লকে দুটি রিং স্থাপন করে দিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী। মানবিক সহায়তায় এ যাত্রায় প্রাণ ফিরে পেলেন তিনি। জয়গুন নেছা বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর মহল্লার দরিদ্র দিনমজুর আব্দুল কুদ্দুসের স্ত্রী।
সংবাদকর্মীসহ নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফের সহায়তায় এসব রিং স্থাপন করা হয়। জয়গুন নেছাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. রইছ উদ্দিন তার হার্টে দুটি রিং স্থাপন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রাকিবুল হাসান তুষার।
বেশ কিছুদিন ধরে জয়গুন নেছা বুকে ব্যাথা অনুভব করছিলেন। হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে তাকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তাঁর হার্টে দুটি ব্লক সনাক্ত হয়। কিন্তু অর্থাভাবে দিনমুজর পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছিলো না। জয়গনের অর্থাভাবে চিকিৎসা বঞ্চিতের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
গণমাধ্যমে জয়গুন নেছাকে নিয়ে খবর প্রকাশ হলে বিষয়টি রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে স্থানীয় সংবাদকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফের সহায়তায় এক লাখ ২০ হাজার টাকা জমা দেয়া হয়। অবশিষ্ট এক লাখ ১৮ হাজার ২২০ টাকান্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে বহন করা হয়েছে। হাসপাতালের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অসুস্থ জয়গুননেছা বেগমের মেয়ে শান্তনা খাতুন সংবাদকর্মীসহ আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত প্রতিদান দেন।

 

SHARE NOW