সদ্য প্রকাশিত এইচএসসি ফলাফলে নাটোরের গুরুদাসপুরে ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫৭ জন কৃতকার্য হলেও ৫টি প্রতিষ্ঠানের ৬৬ শিক্ষার্থীর কেউ কৃতকার্য হতে পারেনি। চলতি বছর এইচএসসি পরীক্ষায় গুরুদাসপুরে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় এবছর উচ্চ মাধ্যমিকে ১ হাজার ৬৬৪ পরীক্ষার্থীর মধ্যে ৬২৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। গতবছর এ উপজেলার পাশের হার ৫৮ শতাংশ থাকলেও এবছর তা ১৭ শতাংশ কমে দাড়িয়েছে ৪১ এ।

অকৃতকার্য পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান হলো-চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, নূর মোহাম্মাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউট। এর মধ্যে চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ এমপিওভুক্ত (সরকারী বেতনভুক্ত) হলেও বাঁকি চারটি প্রতিষ্ঠান নন এমপিও।
এরমধ্যে চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ থেকে ২৩, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ৩, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ ২, নূর মোহাম্মাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২৩, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউট ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেও সবাই অকৃতকায় হয়েছেন।
বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ বলেন, তাঁর প্রতিষ্টানটি নন এমপিও(সরকারী বেতনভুক্ত নয়)। এখানে সাধারণ ও ভোকেশনাল দুটি শাখা চালু রয়েছে। সাধারণ শাখার শিক্ষার্থী কৃতকার্য না হওয়ার কারন প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে উপস্থিত না হওয়াকে দুষলেন।

পাঁচ প্রতিষ্ঠান কৃতকার্য শুন্য বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে অকৃতকার্য ওই পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য সদ্য প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, উচ্চ মাধ্যমিক শাখায় এবছর ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬২৪ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪০ জন। তন্মেধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। পাশের হার ৪১ দশমিক ৫৩ শতাংশ। ভোকেশনাল শাখার ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৪৯ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২১৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। পাশের হার ১৮ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে আলিম শাখায় ৫৫ জনের মধ্যে ১৮ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ৩৭ জন। পাশের হার ৩২ দশমিক ৭২ শতাংশ হলেও কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
মন্তব্য করুন