সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেম,অতঃপর বিয়ে। স্ত্রীর বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে বিয়ের নয় মাস পর উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয় রুকাইয়া তাসনিম মুক্তির। বিচ্ছেদের দেড়মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রাক্তন স্বামী রায়হান হাওলাদারের বিরুদ্ধে অপহরন ও নির্যাতনের অভিযোগ করেন প্রাক্তন স্ত্রী মুক্তি। এর তিনমাস পর ওই থানায় হুমকি ধামকির বিষয়ে আরো একটি সাধারণ ডায়েরী করেন মুক্তি। কিন্তু অভিযোগের সত্যতা না থাকায় দুটি খারিজ হয়ে যায়। এতেও থামেননি মুক্তি। একের পর এক মামলা ও হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে।
অভিযুক্ত মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি চাকরি করেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক স্বামী রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন। ভুক্তভোগী রায়হান দাবী করেন,-সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়। মুক্তির বেপরোয়া জীবনযাপন ও একাধীক পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর চলতি বছরের ১ মে উভয়ের সম্মতিতে পাঁচ লাখ টাকা দেন মোহর পরিশোধসহ তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাঁকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সামাজিক মর্যাদা ক্ষুন্নসহ কর্মস্থলেও হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন তিনি। মুক্তির পরিবার,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গকে জানিয়েও প্রতিকার পাচ্ছেন না তিনি। বাধ্য হয়ে প্রাক্তন স্ত্রীর হয়রানী থেকে মুক্তি পেতে সাংবাদিকদের শরনাপন্ন হয়েছেন বলে জানান।
এ ঘটনার সত্যতা নিশ্চিতে শনিবার দুপুরে মুক্তির বাড়িতে যান সাংবাদিকরা। এসময় মুক্তির পিতা মোজাম্মেল হক বলেন-তার মেয়ের বিয়ে এবং নয় মাস সংসারের ঘটনা বিষয় তিনি জানেন না। ঘটনাটি জানার পরে মুক্তির লেখাপড়ার খরচ দেয়া বন্ধ করে দিয়েছি, কথাবার্তাও বলিনা। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের বিষয়টি জানেন বলে স্বীকার করেন।
এ বিষয়ে মুক্তির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।