নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লায় খড়ের গাদায় আগুন লাগিয়ে বাসায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ।
জানাগেছে,মঙ্গলবার(১৪ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে চাঁচকৈড় খলিফাপাড়া ব্রীজঘাট সংলগ্ন আফতাব উদ্দিনের ছেলে সেলিমের বিক্রির জন্য রাখা খড়ের গাদায় আগুন লাগে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মি ও এলাকাবাসীর সহায়তা আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে পুড়ে গেছে প্রায় সবগুলো খড়(গোখাদ্য)।
কান্নাজড়িত কন্ঠে ভুক্তভুগী সেলিম জানান,কেউ নাশকতা করে তাঁর বিক্রির জন্য স্তুপ করে রাখা খড়ের গাদায় আগুন দিয়েছে। এতে তার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বাসার সবাই যখন আগুন নেভানোর কাজে ব্যস্ত এ সুযোগে তার বাসা থেকে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও টাকা চুরি গেছে বলেও জানান তিনি।
ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ জানান,সেলিম বেশ ক’বছর ধরে খড়ের ব্যবসা করছেন। বিক্রির জন্য রাখা ওই খড়ে আগুন ও বাসায় চুরির ঘটনা একসুত্রে গাথা বলেই মনে হচ্ছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন জানান,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধীন রয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।