সাংবাদিকমহল একজন প্রার্থীর জনমত গঠন ও জয়-পরাজয়ে বিশেষ ভুমিকা পালন করে। নির্বাচনী এলাকার সত্য ও ন্যায়-নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা প্রার্থীর তৃতীয় নয়নের ভুমিকা পালন করে। বস্তুনিষ্ট সংবাদ,গঠনমুলক সমালোচনা ভুল শুধরে প্রার্থীদের সামনে চলার পথ সুগম করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাংবাদিকদের পাশে পেতে মতবিনিময় সভায় আয়োজন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনিত প্রার্থী মো. আব্দুল আজিজ।

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন আব্দুল আজিজ। তিনি জেলা বিএনপির জেষ্ঠ্য আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখের সভাপতিত্বে সভায় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার ও সদস্য সচিব সুফী আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রার্থী আব্দুল আজিজ।
বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, একসময় সাংবাদিকদের সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কন্ঠরোধ করা হতো। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত তুলে ধরতে পারছেন। আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের বিএনপির পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য- আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাম্ভাব্য প্রার্থী হিসেবে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব ২৩৭ টি আসনে প্রার্থীদের তালিকায় আব্দুল আজিজের নাম ঘোষনা করেন।