আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজাদ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি কলেজের শিক্ষক। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে দড়িকাছিকাটা আজাদের নিজ বাসভবনে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


কর্মীদের উদ্দেশ্যে আজাদ বলেন, “সমালোচনা করে কাউকে দমিয়ে রাখা যায় না। বিগত সরকার আমলে নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল ক্ষমতায় আসার অল্প সময়ে উন্নয়ন বঞ্চিত নদীর উত্তর পারের রাস্তা, ব্রীজসহ এমপি সাহেবের দেয়া ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে তাঁর বিশেষ ভুমিকা ছিলো। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন,-“সংসদ নির্বাচনে নিজ অর্থায়নে নির্বাচনী ক্যাম্প পরিচালনা, ৩০টি মোটর সাইকেল নিয়ে মাঠে থেকে সংসদ সদস্য মো.আব্দুল আজিজ চাচার নির্বাচন করেছি। শতভাগ আশাবাদী আতীতের ত্যাগ ও কর্মকান্ড বিচারে তিনিই দলীয় মনোনয়ন পাবেন।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ মন্ডল,সুপার আব্দুর রহমান,ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম,রবিউল করিম,সবুর উদ্দিন,আফতাব প্রামানিক,শহিদুল ইসলাম,মাহবুবুর রহমান,বাচ্চু হাসান প্রমুখ।
বক্তারা আবুল কালাম আজাদকে একজন পরিচ্ছন্ন,ত্যাগী,সৎ,কর্মীবান্ধব নেতা উল্লেখ করে বলেন,ইউনিয়নে তিনিই যোগ্য চেয়ারম্যান প্রার্থী। তিনি নির্বাচিত হলে অবহেলীয় মশিন্দা ইউনিয়নে উন্নয়নের জোয়ার বইবে। তাঁকে নির্বাচিত করতে পাশে থেকে কাজ করতে উপস্থিত সবাই হাত উচিয়ে সমর্থন জানান।

SHARE NOW