ধানুড়া পশ্চিম পাড়ায় দুই কি.মি কাঁচা রাস্তার ভোগান্তিতে দুই হাজার বাসিন্দা ছবি: -প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী প্রায় দুই কিলোমিটার কাঁচারাস্তা দিয়ে ধানুড়া পশ্চিম পাড়া, মীর পাড়া, আদর্শ গ্রাম,ফকির পাড়া,মিল্কি পাড়া,নজরপুরসহ ৫ গ্রামের মানুষ চলাচল করে। কৃষি ফসল ঘরে তোলা,শিক্ষার্থীদের স্কুলে গমনাগমন,রোগী পরিবহনসহ নিত্য দিনের যাতায়াতে দুই হাজার মানুষ বর্ষাকালে ঝুকি নিয়ে এ পথে চলাচল করে। কিন্তু বেহাল এ রাস্তায় শতবর্ষেও উন্নয়নের ছোয়া লাগেনি।

এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে প্রার্থীদের প্রতিশ্রুতি আবর্তে কেটেছে বছরের পর বছর। কিন্তু জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কেউই কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। শতবর্ষী এ রাস্তাটিতে ইটতো দুরের কথা এক কোদাল মাটিও পরেনি। বর্ষা মৌসুমে কাদা-জল মাড়িয়ে কয়েক গ্রামের হাজারও মানুষ প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজার, ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, জেলা শহরে যাতায়াতকারী বয়স্ক মানুষ, রোগী, শিক্ষার্থীদের বিড়ম্বনায় পরতে হয়। রাস্তার বেহাল দশায় কোনো গাড়িচালক আসতে চায় না।
শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় ঘন্টাব্যাপী দুর্ভোগপুর্ন কর্দমাক্ত রাস্তার পাশে মানববন্ধনে দাড়িয়ে ধানুড়া পশ্চিমপাড়া থেকে আদর্শগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পাকা করনের দাবি করা হয়েছে।
এসময় সত্তরোর্ধ আজগর আলী,শিক্ষক আনোয়ার হোসেন,কৃষক হাবিল খলিফা,শিক্ষার্থী মুছা মন্ডল,তরুন আলামিন জানান,চাপিলা ইউনিয়নের ধানুড়া পশ্চিমপাড়ার ১০৭০ ও ১০৭২ আই ডি ভুক্ত পশ্চিমপাড়া থেকে আদর্শগ্রাম পর্যন্ত শতবর্ষী এ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় বর্তমানে যানবাহন ও পথচারী চলাচলে সম্পূর্ন অনুপযোগী হয়ে পরেছে। তাই ভুক্তভোগীরা কর্দমাক্ত শতবর্ষী ওই গ্রামীণ রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে প্রতিকার দাবি করে বক্তব্য রাখেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো.আব্দুল আজিজ মুঠোফোনে জানান, উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সমিক্ষা শেষে দ্রুত রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেয়া হবে।