গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ ছবি: -প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই গরু ব্যবসায়ী নছিমনের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, নাটোরের বড়াইগ্রাম এলাকার কয়েকজন ব্যবাসয়ী নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে মুচড়ে গিয়ে গরু ব্যবসায়ী আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং পথে তার ছোট ভাই জাহাঙ্গীরও মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের কাঁচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।
নিহতরা হলেন-পার্শ¦বর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান(৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্ঠরা বলছেন,প্রায়শই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। এ মহাসড়কে রয়েছে বেশ ক’টি ঝুকিপুর্ন বাঁক। দুর্ঘটনারোধে মহসড়কটি দ্রুত চার লেনে উন্নিত করা জরুরী। অবৈধ ভুটভুটি,নছিমন হাইওয়ে সড়কে যাতায়াত করেন। হাইওয়ে পুলিশের নজরদারী না থাকায় মহাসড়কে অবৈধ যান চলাচল বাড়ছে,ঘটছে দুর্ঘটনা।