আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মতবিনিময় সভার আয়োজন করে গুরুদাসপুর পৌর ও উপজেলা বিএনপি। সোমবার (২০ অক্টোবর) ৪ টায় নাটোরের গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওমর আলী শেখ।
অনুষ্টানে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন,নির্বাচনকে বাধাগ্রস্থ করতে একটি দল পিআর পদ্ধতি চাচ্ছেন। কিন্তু বিএনপির অবস্থান হলো পিআর নয় আগামীতে এদেশে ফেয়ার নির্বাচন হবে। সে নির্বাচনে এদেশের জনগন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাটোর-৪ আসনে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল আজিজকে সবুজ সংকেত দিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দলের চেয়ারম্যান এ আসনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে আগামীর চ্যালেঞ্জিং নির্বাচন পাড়ি দেবার নির্দেশনাও দিয়েছেন তাকে। বলেন,বিএনপি রাষ্ট্রিয় ক্ষমতায় আসলে নেতা-কর্মী সবাই মুল্যায়িত হবেন। সবুজ সংকেতের বিষয়টি তারেক রহমান মুঠোফোনে তাঁকে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।
প্রধান বক্তা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাঁকে এলাকায় কাজ করার জন্য বলেছেন। বিভ্রান্ত না হয়ে আগামীর নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে কাজ করার আহবান তাঁর।
মোহাম্মদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী ও মিজানুল হক ডিউক,জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু ও আব্দুল কাদের,সুফি সাইদ প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।